২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে স্থায়ী অভিবাসনের সুযোগ সীমিত হচ্ছে

কাজের জন্য যুক্তরাজ্যে গিয়ে স্থায়ী হওয়ার সুযোগ সীমিত করতে অভিবাসন আইনে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সে দেশের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

সৈয়দ নাহাস পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যুক্তরাজ্য প্রতিবেদক লন্ডন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে স্থায়ী অভিবাসনের নিয়মে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। এই লক্ষ্যে বৃহস্পতিবার যে পরিকল্পনা প্রকাশ করা হয়েছে তা বাস্তবায়িত হলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে থেকে যুক্তরাজ্যে যাওয়া হাজার হাজার দক্ষ শ্রমিক সেদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাবে না। আর সেক্ষেত্রে ২০১৫ সাল নাগাদ ব্রিটেনে অভিবাসীর সংখ্যা অনেক কমে আসবে। বর্তমান আইনে যুক্তরাজ্যে পাঁচ বছর কাজ করার পর যে কেউ স্থায়ী অভিবাসনের অনুমোদনের জন্য আবেদন করতে পারে। অভিবাসন সংক্রান্ত এই আইন বাতিল করার সুপারিশ করেছে যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক দপ্তর। তাদের এ প্রস্তাব অনুযায়ী অস্থায়ী ভিসায় কাজ নিয়ে যুক্তরাজ্যে যাওয়া ব্যক্তিরা সেখানে স্থায়ী অভিবাসনের আবেদন করতে পারবেন না। এর পাশাপাশি ভবিষ্যতে কঠোর নিয়ন্ত্রণের আওতায় স্বল্প সংখ্যক বিদেশিকে পাঁচ বছরের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে ব্রিটেনের ব্যবসায়ী নেতারা সরকারকে সতর্ক করে বলেছে, বিদেশি দক্ষ শ্রমিকদের স্থায়ী বসবাসের অনুমোদন দেওয়া না হলে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হবে। ওই প্রস্তাব বাস্তবায়ন করলে যুক্তরাজ্যে আসা দক্ষ শ্রমিকদের নির্দিষ্ট সময় পর বের হয়ে যেতে হবে। যুক্তরজ্যের অভিবাসন বিষয়ক মন্ত্রী ডেমিয়েন গ্রিন ভিসা ব্যবস্থার সংস্কার করে অস্থায়ী (টেম্পোরারি) ও স্থায়ী (পার্মানেন্ট)- এই দুই ধরনের ভিসা চালুর পরিকল্পনা করেছেন। কাজ নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে স্থায়ীভাবে বসবাসের ওপরও কড়াকড়ি আরোপের পরিকল্পনা করেছেন তিনি। গ্রিন বলেন, "আমি যে প্রস্তাব তৈরি করছি, তাতে অস্থায়ী ও স্থায়ী অভিবাসনের মাঝখানের যোগসূত্রটি বাতিল হয়ে হবে। এখন যারা এ দেশে থেকে যেতে চায়, তাদের জন্য স্থায়ী হওয়ার বিষয়টি স্বাভাবিক ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে। এর পরিবর্তন দরকার। অভিবাসন ব্যবস্থা যাতে সঠিকভাবে কাজ করে সে পদক্ষেপ নেওয়া হবে।" তিনি বলেন, "আমরা চাই সবচেয়ে মেধাবী ও দক্ষ কর্মীরা যুক্তরাজ্যে আসুক। এখানে অবস্থানকালে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক এবং তারপর দেশে ফিরে যাক।" বর্তমান ব্যবস্থায় বহু বিদেশি কর্মী সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন। ২০১০ সালে যুক্তরাজ্যে কাজের জন্য যাওয়া ৮৪ হাজার মানুষ সেখানে স্থায়ী হওয়ার অনুমতি পেয়েছেন। আর ১৯৯৭ সালে শ্রমিক হিসেবে স্থায়ী বসবাসের অনুমোদন পেয়েছিলেন ১০ হাজার মানুষ। পয়েন্টভিত্তিক ক্যাটাগরির ১ ও ২ নম্বর ধাপে যুক্তরাজ্যে দক্ষ শ্রমিকদের স্থায়ী বসবাসের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যেই বেশ কয়েক ধরনের নতুন নিয়ম অনুসরণ করা হচ্ছে। এ ব্যবস্থায় আবেদনকারীর ইংরেজিতে দক্ষতা, ধারাবাহিক বেতনের কাগজ-পত্রসহ তার কোনো অপরাধ সংশ্লিষ্টতা ছিল কি না তা পরীক্ষা করে দেখা হয়। নতুন পরিকল্পনায় ২ নম্বর ধাপের দক্ষ শ্রমিকদের 'অস্থায়ী' বিবেচনা করা হবে। এভাবে যুক্তরাজ্যে যাওয়া শ্রমিকদের স্থায়ী বসবাসের অনুমোদন পাওয়ার বিষয়টি আরো কঠিন হয়ে যাবে। স্থায়ী বসবাসের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দক্ষ শ্রমিকদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হবে। যেমন, দেড় লাখ পাউন্ডের বেশি বেতনভুক্ত শ্রমিক অথবা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখে-এমন পেশাজীবীরা এ ক্ষেত্রে ছাড় পাবেন। ব্যবসায়ী ও বিনিয়োগকারীরাও নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাবেন। ৫০ লাখ পাউন্ডের বেশি বিনিয়োগকারীরা মাত্র তিন বছর অস্থায়ী অবস্থানের পরেই ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাওয়ার যোগ্যতা অর্জন করবে। স্থায়ী বসবাসের অনুমোদন চেয়ে আবেদন না করলে সর্বোচ্চ পাঁচ বছরের বেশি কেউ থাকতে পারবে না। এছাড়া স্বচ্ছল পরিবারগুলোকে নিজের দেশ থেকে গৃহকর্মী বা রাধুঁনি নেওয়ার যে সুযোগ বর্তমানে দেওয়া হয়, তাতেও কড়াকড়ি আরোপের কথা ভাবা হচ্ছে। তাদের অবস্থানকাল কমিয়ে দেওয়া বা এ ধরনের শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে। অভিবাসন মন্ত্রী গ্রিন বলেন, অভিবাসনের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য এ ব্যবস্থার আমূল সংস্কার করা হবে। ৫ নম্বর ধাপের শ্রমিক এবং বিদেশি গৃহকর্মীদের স্থায়ী অভিবাসনের ক্ষেত্রে নতুন নিয়ম কী হবে-তা চূড়ান্ত হবে এক বছরের মধ্যে। এছাড়া শিক্ষার্থী ও পারিবারিক ভিসার বিষয়ে এ বছর শেষ দিকে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনপি/এএইচ/জেকে/২১০০ ঘ.