চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমে বাছাই করা হয় শিকার। মালিক উপস্থিত নেই এমন একটি মোটর সাইকেল চিহ্নিত করে তার ওপরে বসে পত্রিকা খুলে পড়তে শুরু করে দলের একজন। পত্রিকা দিয়ে তৈরি করা এই আড়ালের সুযোগে চাবির গোছা দিয়ে মোটর সাইকেলের তালা খোলার চেষ্টা করতে থাকে তারই এক সহযোগী।
তালা খোলার কাজটি শেষ করতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট। কাজ শেষ হলেই মোটর সাইকেল নিয়ে চম্পট। এরপর কয়েক হাত ঘুরে সেই চোরাই মোটর সাইকেল চলে যায় আশপাশের জেলার কোনো প্রত্যন্ত অঞ্চলে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম কোতোয়ালী থানায় পিেুলশর এক সংবাদ সম্মেলনে এভাবেই মোটরসাইকেল চুরির প্রক্রিয়া বর্ণনা করে চোর চক্রের চার সদস্য। বুধ ও বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত চার জন হলো- মো. সাজিদুল হক কাওছার (৩০), মোমিন উদ্দিন খালেদ (২৯), মো. রমজান আলী (১৯) ও মো. সুজন আলী (২২)।
পুলিশ তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটর সাইকেল, চুরিতে ব্যবহৃত ৯টি মাস্টার কি (বিশেষ চাবি) ও দুটি নম্বর প্লেট উদ্ধার করেছে।
সংবাদ সম্মেলনে ওই চারজন জানান, গত পাঁচ মাসে প্রায় ৩০টি মোটর সাইকেল চুরি করেছেন তারা। এর মধ্যে তিনটি চট্টগ্রামে কর্মরত তিন সাংবাদিকদের।
গত মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মিন্টু চৌধুরীর মোটর সাইকেলটি নগরীর এনায়েতবাজারের 'কামাল চেম্বার' কার্যালয়ের নিচ তলা থেকে চুরি হয়। ওইদিন রাতেই কোতোয়ালী থানায় একটি মামলা করেন মিন্টু।
এরপর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবুল কাশেমের নির্দেশে উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগমের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যদের নিয়ে গঠিত ১০ জনের একটি দল চুরির ঘটনা উদঘাটনে কাজ শুরু করে।
অভিযানে নেতৃত্ব দানকারী ডিসি (উত্তর) আমেনা বেগম শুক্রবার দুপুরে কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনে জানান, গত বুধ ও বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়।
অভিযানের এক পর্যায়ে খুলশী থানার আমবাগান এলাকায় একটি মোটর সাইকেল চুরির সময় পুলিশ সাজিদুল ও মোমিনকে হাতেনাতে ধরে ফেলে।
কোতোয়ালী থানার এসআই সদীপ কুমার দাশ, নেজাম উদ্দিন, সন্তোষ কুমার চাকমা, আক্তার হোসেন ও হারুনুর রশিদ এবং গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ মহসিন, খুলশী থানার এসআই সুকান্ত চক্রবর্তী ও রুহুল আমিন ওই অভিযানে অংশ নেন।
গ্রেপ্তরকৃত সাজিদুল সংবাদ সম্মেলনে জানান, গত পাঁচ মাসে নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০টি মোটর সাইকেল চুরি করেছেন তিনি ও মোমিন। প্রতিটি মোটর সাইকেল তারা বিক্রি করেছেন ১০ থেকে ৩০ হাজার টাকায়।
আমেনা বেগম বলেন, চট্টগ্রামে আরো অন্তত তিনটি চক্র মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন তারা।
সাজিদুল ও মোমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, মিন্টু চৌধুরীর মোটর সাইকেলটি চুরির পর তারা আতুরার ডিপোর শাকিলের কাছে বিক্রি করেন। এর আগে তারা অন্য চোরাই মোটর সাইকেল বিক্রি করেছেন রমজান আলী ও সুজন আলীর কাছে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চোরাই মটর সাইকেলের ক্রেতা রমজান আলী (১৯) ও সুজন আলীকে (২২)।
আমেনা বেগম জানান, পরবর্তীতে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় সাবেক কাউন্সিলর প্রয়াত সালেহ জহুরের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির সীমানা থেকেই মিন্টু চৌধুরীর মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
ওই সময় সালেহ জহুরের ছেলে শাকিল বাড়িতে ছিলেন না বলে আমেনা বেগম জানান।
৮ থানায় ৫৫ মামলা
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) হিসাবে, গত ছয় মাসে নগরীর ৮টি থানায়, মোটর সাইকেল চুরির অভিযোগে মোট ৫৫টি মামলা হয়েছে।
এর মধ্যে কোতোয়ালী থানায় ১৪টি, পাঁচলাইশ থানায় ১০টি, চান্দগাঁও থানায় ৮টি, বন্দর থানায় ৭টি এবং হালিশহর, কর্ণফুলী, পতেঙ্গা ও খুলশী থানায় ৪টি করে মামলা হয়েছে।
আমেনা বেগম জানান, গত কয়েক মাস ধরেই নগরীর কোতয়ালী, পাঁচলাইশ ও বন্দর থানা এলাকায় মোটর সাইকলে চুরির ঘটনা বেড়ে গেছে। চট্টগ্রাম নগরীতে সক্রিয় তিনটি মোটর সাইকেল চোর চক্রের সঙ্গে সন্দ্বীপ, ফটিকছড়ি, হাটহাজারী, ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামের কয়েকটি চক্রের যোগাযোগ রয়েছে।
চোরাই মোটর সাইকেলগুলো জেলার প্রত্যন্ত এলাকায় নিয়ে বিক্রি করা হয় উল্লেখ করে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বলেন, যেসব স্থানে যানবাহন চলাচলের উপযোগী সড়ক নেই এবং পুলিশের নিয়মিত টহল থাকে না সেখানে এসব চোরাই গাড়ি বিক্রি করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তারকৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/সিএস/জেকে/১৯২৭ ঘ.
bdnews24