ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নতুন অর্থবছরকে 'ঝুঁকির বছর' উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই ঝুঁকি মোকাবিলায় সরকার একটি টাস্কফোর্স গঠন করবে।
'মহামন্দা' থেকে উত্তরণ এবং দেশের রাজনৈতিক অস্থিরতাকেই বাজেট বাস্তবায়নের পথে প্রধান দুটি ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১১-১২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "ভবিষ্যতের কথা এখনই বলতে পারব না। আমাদের কী করণীয় সে ব্যাপারে এই টাস্কফোর্সই দিক নির্দেশনা দেবে।"
মুহিত বলেন, বিশ্বমন্দা কেটে যাওয়ার পর নিত্যপণ্যের সঙ্কটের কারণে অর্থনীতি অস্বস্তির মধ্যে পড়েছে। আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এই অস্বস্তিতে কাটা ঘায়ে নুনের ছিটার মতো।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী, যার আকার চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে ৬ দশমিক৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়ার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী অর্থবছরে এই হার ৭ শতাংশে পৌঁছাবে।
বাজেট প্রস্তাবে সার্বিক ঘাটতি ধরা হয়েছে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ১৭ হাজার ৯৯৬ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ২৭ হাজার ২০৮ কোটি টাকা সংগ্রহ করার কথা বলেছেন অর্থমন্ত্রী। আর অভ্যন্তরীণ উৎসের মধ্যে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা সংগ্রহ করা হবে ব্যাংক ব্যবস্থা থেকে।
শুক্রবার সকালে রাজধানীর ব্রাক সেন্টারে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই বাজেট বাস্তবায়ন করতে হলে অর্থায়ন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, রাজনৈতিক সমঝোতার অভাব এবং সামষ্টিক অর্থনৈতিক সমস্যার মোকাবেলা করতে হবে সরকারকে।
বাজেট বাস্তবায়নে ঝুঁকির বিষয়টি মানছেন অর্থমন্ত্রীও। তবে অর্থনৈতিক মন্দা থেকে পুরো বিশ্বের উত্তরণ প্রক্রিয়া এবং সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দলের আন্দোলন শুরুর প্রেক্ষিতে রাজনৈতিক অস্থিরতাকেই সবচে বড় ঝুঁকি বলে মনে করছেন তিনি।
বিকেল ৪টার পর শুরু হয়ে অর্থমন্ত্রীর এই সংবাদ সম্মেলন চলে সোয়া ৬টা পর্যন্ত।
অর্থমন্ত্রী বলেন, "দুই মাসের মধ্যে মন্দার জন্য গঠিত টাস্কফোর্স বিলুপ্ত করা হবে। তবে আসন্ন বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আরেকটি টাস্কফোর্স গঠন করতে যাচ্ছি।"
চলতি অর্থবছরে সামগ্রিক অর্থনীতি খুব ভালো থাকলেও কয়েকটি চিহ্নিত গণমাধ্যম তা নেতিবচাকভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন তিনি।
অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা বাজেটের উপর নির্ভর করে না। বরং এটি নির্ভর করে অর্থবছরের সমন্বয় ও মুদ্রানীতির উপর।
"আসন্ন অর্থবছরের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরো সমন্বিত মুদ্রানীতি গ্রহণ করতে হবে।"
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, অর্থ সরবরাহ হ্রাসের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই মুদ্রানীতির মূল্য লক্ষ্য।
পুঁজিবাজার প্রসঙ্গ
অর্থমন্ত্রী মুহিত বলেন, বাজেট ঘোষণার আগে একটি সংঘবদ্ধ চক্র পুঁজিবাজার সম্পর্কে গুজব ও মিথ্যা কথাবার্তা ছড়াতে শুরু করেছিলো। পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে বাজেটে কোনো প্রবিধি আরোপ করা হয়নি বলেও জানান তিনি।
মুহিত বলেন, "বাজেট বক্তৃতার দুটি অনুচ্ছেদ পুঁজিবাজারের জন্য রেখেছিলাম এবং সেখানে আমি সংস্কার কার্যক্রম ব্যাখ্যা করেছি।"
গত ৩০ এপ্রিল থেকে বাজারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল করা হয়েছে বলেও অভিযোগ করেন মুহিত।
"ওই তারিখের পর ১৩ বা ১৪ দিন বাজার অস্থিতিশীল ছিলো।"
প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর বলেন, ঝুঁকি পুঁজিবাজারে বিনিয়োগের অবিচ্ছেদ্য অংশ।
"বিনিয়োগের পরদিনই দাম বাড়বে- এমন প্রত্যাশার কোনো অর্থ নেই।"
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং অসৎ ব্যবসায়ীদের বিষয়ে সরকার অবহিত রয়েছে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
'কালোটাকা-সাদা করা'
মুহিত বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া 'অনৈতিক' হলেও সরকার এই টাকা অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে চায়।
"সরকারের অর্থের প্রয়োজন রয়েছে। কালোটাকা বা সাদাটাকার মালিক যে কেউ ১০ শতাংশ হারে কর দিয়ে ট্রেজারি বন্ড কিনতে পারবে।"
বিএনপির সমালোচনা
প্রধান বিরোধী দল বিএনপিকে বাজেট আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মুহিত বলেন, "তাদের উচিৎ সংসদে এসে কথা বলা।"
প্রধান বিরোধী দল বিএনপির আচরণকে নেতিবাচক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "দলটির সব কর্মকাণ্ডই নেতিবাচক। সরকারের পক্ষ থেকে তাদের বারবার সংসদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও তারা আসেনি।"
জাতীয় স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত মন্তব্য করে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে বিরোধের মীমাংসা করার সুযোগ রয়েছে।"
পিপিপি
প্রস্তাবিত বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা উল্লেখ করে মুহিত বলেন, "২৬ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক নির্মাণ ও কয়লাভিত্তিক সাড়ে ১২শ' মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের ৯ হাজার কোটি টাকা প্রয়োজন।"
এসব প্রকল্প পিপিপির আওতায় বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ৩ হাজার কোটি টাকা এসব প্রকল্পেই ব্যবহার করবে সরকার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, "চলতি অর্থবছরে এক হাজার ১১৬ কোটি ডলার রেমিটেন্স আসবে বলে আশা করছি। এবং এই প্রবৃদ্ধি ধরে রাখতে হবে।"
স্থানীয় ব্যাংকগুলোতে ঋণের চাপ কমানোর জন্য বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়কে কেন্দ্রীয় ব্যাংক উৎসাহ যোগাবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্যাস সঙ্কটের কারণে নতুন শিল্প কারখানা চালু হতে না পারার বিষয়টি অনুষ্ঠানে স্বীকার করেন।
অন্যদের মধ্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২৩২৭ ঘ.
bdnews24