২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৪০

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

সাভার, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে আট জনকে। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কবিরপুর এলাকার ত্ব-হা টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্ব-হা টেক্সটাইল লিমিটেড-এর শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুর ২টার দিকে কারখানার ভেতর কর্মবিরতি ও বিক্ষোভ করে। কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন চলতি মাসের ১৫ তারিখে দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর চালায়। পরে তারা নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে অবস্থান নেয়। এসময় সড়কের দুদিকে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে। আশুলিয়া থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা তাদের পাওনা বেতন পরিশোধের দাবিতে অটল থেকে সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। এসময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা বিভিন্ন বাড়ি ও দোকানে ঢুকে পড়ে। আহতদের মধ্যে অনেককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শ্রমিক অভিযোগ করে বলেন, আমরা বকেয়া বেতন দাবি করাতেই কারখানা কর্তৃপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালিয়েছে। ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এএসপি জানান, ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে। ত্ব-হা টেক্সটাইল লিমিটেড কারখানার সহকারী উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ফিরোজ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতি মাসের ১০ তারিখের মধ্যেই বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু সাপ্তাহিক ছুটির কারণে বেতন দিতে দেরী হবে। শ্রমিকদের এ কথা বলার কারণেই তারা এই ঘটনা ঘটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১০৭ ঘ.