চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ছোট দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক জহির খান (২৮), যাত্রী মো. আইয়ুব (২২) ও শিবু (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে জহির খান মারা যান।
জহির নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম সরওয়ার হোসেন।
সীতাকুণ্ড হাইওয়ের সার্জেন্ট আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইক্রোবাস ও ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিন জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক জহির খানকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩০৩ ঘ.
bdnews24