ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন কমিটির সুপারিশ সংসদে গৃহীত হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তি, রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থার মেয়াদ নির্দিষ্ট হওয়াসহ বেশ কয়েকটি পরিবর্তন আসবে সংবিধানে।
বিশেষ কমিটি কোন্ অনুচ্ছেদ কিভাবে সংশোধনের সুপারিশ করেছে তা পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হলো:
১. বিসমিল্লাহর-রাহমানির-রহিম
সুপারিশ: সংবিধানের প্রস্তাবনার ওপর সন্নিবেশিত হবে- "বিসমিল্লাহর রাহমানির রহিম (দয়াময়, পরম দয়ালু আল্লাহের নামে),/ পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে।"
বর্তমানে রয়েছে: বিছমিল্লাহির রাহমানির রহিম (দয়াময়, পরম দয়ালু, আল−াহের নামে)
২. সংবিধানের প্রস্তাবনা
সুপারিশ : সংবিধানের প্রস্তাবনার প্রথম অনুচ্ছেদে ক) 'জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের' শব্দের পরিবর্তে 'জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রামের শব্দগুলো প্রতিস্থাপিত হবে। খ) প্রস্তাবনার দ্বিতীয় অনুচ্ছেদের পরিবর্তে প্রতিস্থাপিত হবে- "আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার সেই সকল আদর্শ এ সংবিধানের মূলনীতি হইবে।"
বর্তমানে রয়েছে: প্রথম অনুচ্ছেদ- আমরা বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;
দ্বিতীয় অনুচ্ছেদ- আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্ধুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে;
৩. রাষ্ট্রধর্ম
সুপারিশ: সংবিধানের ২ (ক) অনুচ্ছেদ যেভাবে প্রতিস্থাপিত হবে- প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করিবেন।
বর্তমানে রয়েছে- প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।
৪. জাতির পিতা
সুপারিশ: সংবিধানের অনুচ্ছেদ ৪ (ক) 'ও প্রতীক' শব্দগুলির পরিবর্তে ", প্রতীক ও জাতির পিতার প্রতিকৃতি" শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হবে। (খ) এ নতুন দফা (৫) সংযোজিত হবে- "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন কতিতে হইবে।"
বর্তমানে রয়েছে: রাষ্ট্রপতির প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের কার্যালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।
৫. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি
সুপারিশ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বিষয়ে অনুচ্ছেদ ৪ (ক) বিলুপ্ত হবে।
বর্তমানে রয়েছে: ৪(ক)। প্রতিকৃতি।
bdnews24