নারায়ণগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটির নিচে বাক্সভর্তি ৬২৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় তাড়াইল এলাকায় মাটি কাটার সময় পুঁতে রাখা একটি ইস্পাতের বাক্সে এগুলো পায় শ্রমিকরা।
পুলিশ জানিয়েছে, এগুলোর গায়ে ইংরেজিতে লেখা রয়েছে- 'পিওএস সেভেন পয়েন্ট সিক্স টু ইনটু সিক্স নাইন' চায়নিজ রাইফেলের গুলি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এগুলো ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঞ্জুর দোহা জানান, তাড়াইল এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে একটি জমিতে মাটি কাটার সময় শ্রমিকরা ইস্পাতের বাক্সটি পায়। ওটি খুলে গুলি দেখে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, বাক্সটিতে মরিচা ধরে বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে পলিথিনে মোড়া ৫২টি প্যাকেটে গুলিগুলো ছিল। প্রতি প্যাকেটে ১২টি করে গুলি রয়েছে।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ নাজমুল আলম জানান, এগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গুলি বলে ধারণা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.
bdnews24