চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী। অপহরণের অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতিসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিবগঞ্জ পৌর এলাকার বাবু পাড়া মহল্লার অঞ্জন দাস (৬০) মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ভূমি সংক্রান্ত একটি মামলায় আদালতে হাজিরা দিতে বাসে শহরে যাওয়ার পথে অপহৃত হন। রাত ৮টার দিকে মহারাজপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
অঞ্জনের ছেলে সুপ্রিয় কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা শহরে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর কাছে পৌঁছলে তাকে বাস থেকে নামিয়ে মটরসাইকেলে করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর আমবাজার এলাকার ফজলুর রহমানের ছেলে মোসলেম উদ্দীনকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুপ্রিয় কুমার দাস ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রাকিবুল হাসান বিরুসহ সাত জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার হাসেনুর, আনিসুর রহমান, এমমাদ আলী, মিরাতুল, চকদৌলতপুর আমবাজার এলাকার মোসলেম উদ্দীন, সদর উপজেলার চকআলমপুর এলাকার মেহবুব।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবগঞ্জ উপজেলার একটি আম বাগানের দখল স্বত্ব নিয়ে চক আলমপুরের মেহবুবের সঙ্গে অঞ্জন দাসের বিরোধ ছিলো। ওই বিরোধের জের ধরে তাকে অপহরণ করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান বিরু অভিযোগ অস্বীকার করে বলেন, অপহরণের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৯০৭ ঘ.
bdnews24