গাইবান্ধা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘাতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক জন নিহত ও তিন জন আহত হয়েছে।
নিহতের নাম আব্দুল বাকী মিয়া (৪৫)। উপজেলার ঘুড়িদহ গ্রামের মৃত গফুর শেখের ছেলে তিনি।
সাঘাটা থানার ওসি আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘুড়িদহ গ্রামে ৩৬ শতক জমির মালিকানা নিয়ে সিরাজ মিয়ার সঙ্গে রফিকুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলছিলো।
মঙ্গলবার সকালে সিরাজের লোকজন ওই জমির পাট ক্ষেত নিড়াতে (পরিচর্যা করা) গেলে রফিকুলের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে ওসি জানান।
সংঘর্ষে উভয় পক্ষের আবু সাঈদ (২০), আসাদুল ইসলাম (২৭), শহিদুল ইসলাম (২৫) ও আব্দুল বাকী মিয়া (৪৫) আহত হয়।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকীর অবস্থা অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা হয়। পথে তার মৃত্যু হয়।
ওসি জানান, বাকীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তার দলের লোকেরা বুধবার সকালে রফিকুল ইসলামের বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৬৪৪ ঘ.
bdnews24