২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ৮

সীতাকুণ্ড উপজেলার একটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শেষে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশ, সাংবাদিক ও অন্য চেয়ারম্যান প্রার্থীর অনুসারীসহ কমপক্ষে আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 06:28 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার একটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শেষে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশ, সাংবাদিক ও অন্য চেয়ারম্যান প্রার্থীর অনুসারীসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার পর রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা ও সলিমপুর অংশে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাত ১০টার দিকে পুলিশ ও স্থানীয় প্রশাসনের চেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ভোট গণনা শেষ হওয়ার পর ৭ নম্বর বড় কুমিরা ইউনিয়নের ছোট কুমিরার লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজ কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল আলমের সমর্থকরা ব্যালেট বক্স ভর্তি গাড়িতে হামলা চালায়। এ কেন্দ্রে আরেক চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন অল্প ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন সাংবাদিক। স্থানীয় সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী ও সেয়দ ফোরকান আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট গণনা শেষে মোরশেদুল আলমের সমর্থকরা ব্যালট বক্সের গাড়ি লক্ষে করে গুলি চালায়। এসময় পুলিশের বাধার কারণে মোরশেদুল আলমের সমর্থকরা ওই এলাকা ছেড়ে যায়। এরপরই রাত ৮টা থেকে মোরশেদুল আলমের সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা ও সলিমপুর অংশে ব্যারিকেড দেয় ও যানবাহনে ভাংচুর চালায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় প্রথম আলোর সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী, ইত্তেফাকের গিয়াস কামাল চৌধুরীসহ চার সাংবাদিক আহত হন। এসময় সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসটিও ভাংচুর করা হয়। সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রউফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কেন্দ্রের ব্যালট বক্স ও প্রিজাইডিং অফিসারদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে। কোনো ব্যালট পেপার খোয়া যায়নি। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে গুলির বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে জানালেও কত জন আহত হয়েছেন তা নিশ্চত করতে পারেননি ওসি। ইউএনও জানান, প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কের অবরোধ রাত ১০টার দিকে প্রত্যাহার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২৩৫২ ঘ.