২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ দফা: পৃথক সভা করলো চট্টগ্রাম আ. লীগ

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলাদা সমাবেশ ও আলোচনা সভা করেছে নগর আওয়ামী লীগের দুই অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলাদা সমাবেশ ও আলোচনা সভা করেছে নগর আওয়ামী লীগের দুই অংশ। মঙ্গলবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে নগর আওয়ামী লীগের ব্যানারে সমাবেশের আয়োজন করে নগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। একই সময়ে মুসলিম ইন্সটিটিউটে আলাদা আলোচনা সভার আয়োজন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফাসরুল আমীনের অনুসারীরা। তবে এ আলোচনা সভায় ডা আফসারুল আমীন ও নগর কমিটির সহ-সভাপতি সাংসদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন না। লালদীঘির মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন মহিউদ্দিন চৌধুরী। এখানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গণ পরিষদ সদস্য ইসহাক মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সুজন, সাংসদ এমএ লতিফ, শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আজম নাছির উদ্দিন, যুবলীগ সভাপতি চন্দন ধর, ছাত্রলীগ সভাপতি এমআর আজিম। সমাবেশে বিরোধী দলের উদ্দেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, হরতাল করে বিচার বিভাগের সিদ্ধান্তকে আপনারা চ্যালেঞ্জ করছেন। মানুষের জানমালের ক্ষতি করে রাজনীতি করা যায় না। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো আপত্তি থাকলে তা সংসদে গিয়ে জানানোর জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান মহিউদ্দিন। মুসলিম ইন্সটিটিউটে অন্য অংশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। আলোচনায় অংশ নেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রেহানা কবির রানু, রেখা আলম প্রমুখ। নগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের বিরোধ নিরসনে গত ২৬ ফেব্র"য়ারি সার্কিট হাউজে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। দলীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। এরপরও গত তিন মাস ধরে আলাদা সভা করে চলেছে নগর আওয়ামী লীগের দুই পক্ষের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২৩৩২ ঘ.