ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশের করা একটি মামলা বাতিলে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আনোয়ারুল হক এই রায় দেন।
রায়ে ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার উক্ত আবেদনে রুলের পাশাপাশি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছেন। পাশাপাশি ওই মামলা কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
অপর বিচারপতি মো. আনোয়ারুল হক আবেদনটি খারিজের পক্ষে রায় দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।
পরে সালেহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বিধাবিভক্ত এই রায়ের পর মামলা বাতিলের আবেদনটি তৃতীয় বেঞ্চে শুনানি করতে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রতারণার অভিযোগে আমার দেশ প্রকাশক হাসমত আলীর দায়ের করা একটি মামলায় মাহমুদুর রহমান ২০১০ সালের ২ জুন ভোররাতে গ্রেপ্তার হন। ওই দিন তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। সেখানে উপস্থিত ছাত্রদলের একদল নেতাকর্মী তাকে পুলিশের হেফাজত থেকে কেড়ে নিতে চেয়েছেন উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলো।
গত ১৭ মার্চ মাহমুদুর রহমান মুক্তি পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১৩৩ ঘ.
bdnews24