রংপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রংপুরের বদরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় দু'জন নিহত হয়েছেন। আহত হন একজন।
সোমবার বিকালে কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া এলাকায় রংপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন- অরুন্নেছা গ্রামের শাহপাড়ার আশরাফ আলী (৭০) ও নূরুজ্জামান (৩৫)।
আহত সোনারপাড়ার লিটন মিয়াকে (৩২) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান চাপুল শাহ'র পক্ষে রাস্তায় দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছিলেন এলাকার কয়েকজন।
এ সময় মিঠাপুকুরগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী চাপুল শাহ বলেন, ওই তিনজন তার নির্বাচনী প্রতীক গরুগাড়ি মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছিলেন।
আগামী ২২ জুন বদরগঞ্জ উপজেলার সব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.
bdnews24