গাজীপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের কলতাসুতি এলাকার খাস জমি থেকে দুই শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
সোমবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম সকাল থেকে এ অভিযান চালান।
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল শ্রমিক বুলডোজার দিয়ে শতাধিক টিনসেট ও আধাপাকা বাড়ি উচ্ছেদ করে। এ সময় তাদের সহায়তা করে একদল পুলিশ। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টায় অভিযান শেষ হয়।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জনান, কলতাসুতি এলাকায় সরকারি মালিকানার তিন একর জমিতে গড়ে ওঠা শতাধিক ঘরবাড়ি সরিয়ে নেওয়ার জন্য গত ৫ মে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়।
নোটিশ পেয়েও নিজ নিজ দায়িত্বে স্থাপনা না সরিয়ে নেওয়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদের শিকার আলী আহাম্মদ জানান, তিনিসহ লেহাজ উদ্দিন, সফিউদ্দিন, শওকত হোসেন ও আব্দুর রশিদ ওই এলাকার বারৈবাড়ি মৌজায় এসএ ৫৭ ও আর এস ১২ খতিয়ানের ৩২ নম্বর দাগে ২ দশমিক ৬৪ একর জমিতে ঘরবাড়ি তুলে প্রায় ৮০ বছর ধরে বসবাস করে আসছেন।
কিন্তু হঠাৎ নোটিশের মাত্র কয়েকদিনের ব্যবধানে বাড়িঘর ভেঙে দেওয়ায় প্রায় দুইশ' পবিবার এখন আশ্র্রয়হীন হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24