সাভার, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংর্ঘষ হয়েছে। এতে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি), ওসি ও শ্রমিকসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
সোমবার সকালে আশুলিয়ার আউখপাড়া এলাকার ডাইনেস্টি সোয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। গ্যাসে একটি কিন্ডার গার্টেন এর দুই শিক্ষার্থী ও এক ইউপি সদস্য অসুস্থ হয়ে পড়েন।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুল বাতেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাইনেস্টি কারখানায় চার হাজার শ্রমিকের মধ্যে প্রায় আড়াই হাজার শ্রমিক কয়েক দিন ধরে মজুরি বৃদ্ধির (পিস রেট) দাবি জানিয়ে আসছিলো।
সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকরা একই দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে র্যাব, পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এক পর্যায়ে শ্রমিকরা আশুলিয়া-সিএন্ডবি সড়কে এসে সড়ক অবরোধ করে। ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহনের কাঁচ।
পরে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া করলে শ্রমিকেরাও পুলিশকে পাল্টা ধাওয়া করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি আব্দুর রশিদ, কনস্টেবল তারেক, মালেক, আরজু মিয়া ও ফারুক হোসেন এবং কারখানার শ্রমিক পারভীন আক্তার, মালেকা, সুমি আক্তার, সাইদুল ইসলাম, ফাতেমা আক্তার, তমাল, ফরিদা, মাহফুজা বেগম প্রমুখ।
আব্দুল বাতেন খান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থল ও আশপাশে পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পর কারখানাটি একদিনের জন্যে ছুটি ঘোষণা করা হয়েছে।
এএসপি মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে পুলিশ মামলা করবে।
কয়েকজন শ্রমিক জানায়, কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে ঘটনাস্থলের পাশেই নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আইয়্বু আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস স্কুলের ভেতরে এসে পড়লে এতে শিশু শ্রেণীর ছাত্র নিলয় ও নুপুর অসুস্থ হয়ে পড়ে।
সাভার ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য নাছিমা আক্তারের বাড়িতে তিনিও অসুস্থ হয়ে পড়েন বলে সাংবাদিকদের জানান।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫২ ঘ.
bdnews24