২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নির্বাচনে রাইফেল ছিনতাই

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের একটি রাইফেল ছিনতাই করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছে অন্তত নয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

গাইবান্ধা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের একটি রাইফেল ছিনতাই করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছে অন্তত নয় জন। পুলিশ জানিয়েছে, রোববার রাতে উপজেলার কঞ্চিবাড়ি ইউপি নির্বাচনে বজরা কঞ্চিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কেন্দ্রে ভোট গণনা শেষে পুলিশ এবং নির্বাচন কর্মকর্তারা ব্যালট বাক্স ও ব্যালট পেপার নিয়ে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কেন্দ্র থেকে প্রায় ২'শ গজ দূরে বজরা কঞ্চিবাড়ি বাজারের কাছে পরাজিত প্রার্থী আব্দুল করিম সরকার ও লিটন মিয়ার সমর্থকরা মাইক্রোবাস থামিয়ে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। তারা মাইক্রোবাসে হামলা চালিয়ে পুলিশকে মারধর করে। তিনি বলেন, "হামলাকারীরা পুলিশ কনস্টেবল মনোয়ার হোসেনের হাতে থাকা একটি চাইনিজ রাইফেল ছিনতাই করে নিয়ে যায়।" তোশারফকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড গুলি ও চার রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। অপরদিকে শ্রীপুর ইউনিয়নের বৈলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাত ১০টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করতে দুই সদস্য প্রার্থীর পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে পুলিশ সুপার বাসুদেব বনিক জানান। দুই প্রার্থী ও তার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ও তিন রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪২২ ঘ.