ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুদিনের সফরে সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন নিরুপমা। বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্য তিনি আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে দেখা করার কথা।
গতবছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার সুযোগ পাবে দুপক্ষ।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে নিরুপমার বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনও হওয়ার কথা রয়েছে।
বুধবার বাংলাদেশ ছেড়ে যাবেন ভারতের পররাষ্ট্র সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৮৫৯ ঘ.
bdnews24