২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ডাকে হরতাল চলছে

বিএনপির ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল বড় ধরনের গোলযোগ ছাড়াই চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 03:49 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল বড় ধরনের গোলযোগ ছাড়াই চলছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে প্রধান বিরোধী দল রোববার এ হরতাল পালন করছে। একই ইস্যুতে তাদের সঙ্গে জোটসঙ্গী জামায়াতে ইসলামীও হরতাল ডেকেছে। সকাল থেকে রাজধানী ঢাকায় যান চলাচল খুবই কম। সড়কগুলো ফাঁকা ফাঁকা। আন্তঃজেলা টার্মিনালগুলো থেকেও বাস চলতে দেখা যায়নি। তবে ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমবেত রয়েছে বিএনপি নেতা-কর্মীরা। তাদের ঘিরে রেখেছে পুলিশ। নেতাদের মধ্যে রয়েছেন- ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ। বিএনপি নেতাদের অভিযোগ, কর্মীদের দলীয় কার্যালয়ে আসতে দিচ্ছে না পুলিশ। চেষ্টা করলেই গ্রেপ্তার করা হচ্ছে। সকাল পৌনে ৯টা পর্যন্ত অন্তত ৩০ জনকে নয়া পল্টন এলাকা থেকে আটক করা হয়েছে বলে বিএনপির নেতারা দাবি করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, দেশ ও জনগণের 'স্বার্থে' এ হরতাল ডেকেছেন তারা। সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনা থেকে না সরলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নৈরাজ্য সৃষ্টির জন্যই এ হরতাল ডাকা হয়েছে। হরতালের আগের দিন বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকায় ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়। হরতালের আগে বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হয়েছে বিএনপি-জামায়াতের শতাধিক নেতা-কর্মীকে। বর্তমান সরকারের সময়ে এটি বিএনপির পঞ্চম হরতাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০৯৪৫ ঘ.