সিলেট, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বীরবিক্রম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত বাঙালি জাতি কলঙ্কমুক্ত হবে না।
তিনি বলেন, নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখনো জাতিকে কলঙ্কমুক্ত করতে পারিনি।
শনিবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১'র সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
একে খন্দকার বীরবিক্রম বলেন, দুই লাখ মা-বোনের ইজ্জত ও ত্রিশ লাখ শহীদের রক্তের ফসল হচ্ছে আমাদের বাহাত্তরের সংবিধান। এই পুনঃপ্রতিষ্ঠা করা না হলে শহীদের রক্তের সাথে বেঈমানী ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুুল মুহিত।
তিনি বলেন, সেক্টর কমান্ডারস ফোরামের দাবির সাথে সরকারও একমত। এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার হবে।
মুহিত বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সৃষ্ট এই দেশটিকে যারা রক্ষা করেছে তাদের সুরক্ষা দেয়া প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সেনা প্রধান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম বলেন, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা না হলে বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা না গেলে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যেতে পারবে না। জাতিও আওয়ামী লীগকে ক্ষমা করবে না।
সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য ইনামুল হক বীর প্রতিকের সভাপতিত্বে ও অ্যাডভোকেট কেয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ বীরবিক্রম, লে. কর্ণেল নুরুন্নবী বীরউত্তম, অধ্যাপক আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫৪ ঘ.
bdnews24