২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির জন্য ঝুঁকি নিতে প্রস্তুত: হাসিনা

দেশের শান্তির জন্য সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড বন্ধের বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শান্তির জন্য সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড বন্ধের বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকারবদ্ধ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার এশিয়া-প্যাসিফিক শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশের মাটি যেন কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত না হয়- সে জন্য আমরা বদ্ধপরিকর। আমি জানি, এতে অনেক ঝুঁকি আছে। কিন্তু, শান্তির জন্য আমি ব্যক্তিগতভাবে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত।" সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদ বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে মনে করেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে কোনো আপস না করার কথা জানান তিনি। বাংলাদেশ পিস কাউন্সিল আয়োজিত এ সম্মেলনে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, নেপাল ও ভিয়েতনাম থেকে প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য আব্দুর রাজ্জাক। সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠেকাকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রসারে দারিদ্র্যকে কারণ হিসেবে চিহ্নিত করে দারিদ্র্য দূর করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষা খাতে ব্যয় কমিয়ে তা বিশ্বের কোটি কোটি দরিদ্র জনগণের জীবনমানের উন্নয়নে দিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান হাসিনা। দেশে মানবাধিকর সমুন্নত রাখা এবং আইনের শাসন নিশ্চিত করতেই একাত্তরের যুদ্ধাপরাধের বিচার হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না করে দেশে শান্তি নিশ্চিত করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৬৩০ ঘ.