ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসদাচরণ ও দুর্নীতির দায়ে তিনজন সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করেছে সরকার।
এরা হলেন- হবিগঞ্জের লাখাইয়ের সাব-রেজিস্ট্রার মো. আবুল বাশার, বরগুনার পাথরঘাটার মো. নুরুল হক ও ভোলার রাধাবল্লভের বাদল কুমার বিশ্বাস।
মুক্তিযোদ্ধা না হয়েও ভুয়া সনদ দিয়ে চাকরি নিয়েছিলেন তারা।
আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মিজানুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই তিনজন সাব-রেজিস্টারকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।"
অফিস আদেশে বলা হয়, 'অসদাচরণ ও দুর্নীতির কারণে ১৯৮৫ সালের সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)(ডি) বিধি অনুযায়ী চাকরি থেকে বরখাস্ত করা হলো।'
এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশনে যাওয়া ১৩ জন সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মিজানুর রহমান জানান।
২০০৮ সালের ৩ জুলাই ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতির অধ্যাদেশে সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করে। দুর্নীতির দায়ে ২ বছরের কম মেয়াদে সাজাপ্রাপ্তদের শর্তসাপেক্ষে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে গঠিত ওই কমিশন 'ট্রুথ কমিশন' নামেই পরিচিতি পায়।
গত ১৬ মে আপিল বিভাগ ট্রুথ কমিশন অবৈধ ঘোষণা করে রায় দেওয়ায় ওই কমিশনে দায়মুক্তি পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ তৈরি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৯৩৪ ঘ.
bdnews24