২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনকে গুলি: তদন্ত প্রতিবেদন সোমবার

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ঝালকাঠির কলেজছাত্র লিমন পঙ্গু হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন দেবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ঝালকাঠির কলেজছাত্র লিমন পঙ্গু হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন দেবে সোমবার। আগামী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রতিবেদন জমা দেয়া হবে। এক সদস্য বিশিষ্ট কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তের প্রয়োজনীয় কাজ শেষ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। শওকত বলেন, আগামী রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও হরতালের জন্য বরিশাল থেকে ঢাকায় আসা সমস্যা হয়ে যাচ্ছে, তাই এ প্রতিবেদন সোমবার জমা দেওয়া হবে। গত ২৯ এপ্রিল তদন্ত শুরু হয় বলে জানান তিনি। তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে এ ব্যাপারে কিছু বলা যাবে না। ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে গুলিতে আহত হন লিমন। আহত হওয়ার কয়েকদিন পর তার বাম পা কেটে ফেলতে হয়। লিমনের দাবি, র‌্যাব তাকে ধরে নিয়ে গুলি করেছে। এ ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। ছয় র‌্যাবসদস্যসহ ১২ জনের বিরুদ্ধে গত ১০ এপ্রিল একটি হত্যাচেষ্টা মামলা করেন লিমনের মা হেনুয়ারা বেগম। লিমনের আহত হওয়া প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করে। গত ১৯ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, লিমন হোসেনকে লক্ষ্য করে র‌্যাব গুলি করেনি। দৌড়ে পালানোর সময় তার পায়ে গুলি লাগে। গত ২৯ এপ্রিল থেকে তদন্ত কাজের জন্য ১৫ দিন সময় ধার্য করা হয়। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় তদন্ত কর্মকর্তা আরো সময় প্রার্থনা করে আবেদন জানালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮১৬ ঘ.