২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটা সৈকতের সব স্থাপনা অপসারণের নির্দেশ

কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে সব স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সৈকতকে রক্ষা করতে দুটি রুলও জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 10:54 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে সব স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সৈকতকে রক্ষা করতে দুটি রুলও জারি করা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। বুধবার দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে মানবাধিকার সংস্থাটির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও আসাদুজ্জামান সিদ্দিকী এই আবেদন করেন। স্থাপনা অপসারণের আদেশ বাস্তবায়ন করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য পটুয়াখালীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কমিটি গঠন করে সমুদ্র সৈকতের সীমানা চিহ্নিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে আদালত। ওই এলাকা যে কোনো ধরনের দখল ও স্থাপনা নির্মাণ বন্ধে পুলিশি প্রহরার ব্যবস্থা করতে জেলার পুলিশ সুপার ও কলাপাড়ার ওসিকে বলা হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাকে দখল থেকে রক্ষা করতে কেনো নির্দেশ নয় এবং ভবিষ্যতে সৈকত এলাকায় স্থায়ী-অস্থায়ী স্থাপনা নির্মাণ বন্ধে কেনো ব্যবস্থা নয়- দুটি রুলের মাধ্যমে তা জানতে চেয়েছে হাইকোর্ট। পরিকল্পনা সচিব, পরিবেশ সচিব, ভূমি সচিব, অর্থ সচিব, স্থানীয় সরকার সচিব, পানি সম্পদ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক, পটুয়াখালীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কলাপাড়া থানার ওসি, কলাপাড়া সহকারী ভূমি কমিশনারকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই দুই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৬৫১ ঘ.