২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরো ৪ অ্যানথ্রাক্স রোগী

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আরো চার জন অ্যানথ্রাক্স বা তড়কা রোগী সনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

সিরাজগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আরো চার জন অ্যানথ্রাক্স বা তড়কা রোগী সনাক্ত হয়েছে। বুধবার তাদের সনাক্ত করা হয় বলে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে। এ নিয়ে গত ছয় দিনে শাহজাদপুর ও উল্লাপাড়ায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামে তিন নারীসহ চারজনকে নতুন করে সনাক্ত করা হয়েছে। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল দুদিন ধরে শাহাজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় কাজ করছে। সোমবার ডা. অপূর্ব চক্রবর্তীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সিরাজগঞ্জের শাহাজাদপুরে পৌঁছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের পাঁচটি ও সমবায় দুগ্ধ খামার মিল্কভিটার আরো দুটি টিম এ দুই উপজেলায় গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়ার কাজ করছে। এছাড়াও জনগণ যাতে আতঙ্কিত না হয় এবং আক্রান্ত গবাদিপশুকে জবাই না করে মাটিতে পুঁতে রাখে সেজন্য প্রচারণা চালানো হচ্ছে। সাধারণত অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়। এ জন্য এসব ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩৮ ঘ.