নাটোর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে জেলা যুবদলের সাবেক সভাপতি ও নলডাঙ্গা থানার বিপ্রোবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন মুকুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
সোমবার রাতে র্যাবের একটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার থেকে আসামি গাজী সরদারকে আটক করে। পরে তাকে নাটোরের নলডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
১৫ বছর ধরে সে পলাতক ছিল।
পুলিশ জানায়, জাহিদ হোসেন মুকুল ১৯৯৭ সালের ২৮ অক্টোবর সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ শেষে নাটোর শহরে বাসভবনে ফিরছিলেন।
পথে বারোঘরিয়া এলাকায় ৮ থেকে ৯ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে মুকুলের পিতা নলডাঙ্গা থানার বানুরভাগ গ্রামের খয়ের উদ্দিন শাহ বাদি হয়ে নাটোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৪ সালের ৭ মার্চ নাটোরের তৎকালীন জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম মামলার রায়ে গাজী সরদার সহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
নলডাঙ্গা থানার ওসি ওবাইদুল হক জানান, মুকুল হত্যার পর গাজী সরদার বিদেশে পালিয়ে যায়। তিন মাস আগে সে দেশে ফিরে এলেও আবারো গা ঢাকা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৪২ ঘ.
bdnews24