বাগেরহাট, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে প্রাইম ব্যাংক লিমিটেডের দুই কর্মকর্তা ও দুই আমদানিকারকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুরে কমিশনের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- প্রাইম ব্যাংক লি. খুলনা শাখার সাবেক ব্যবস্থাপক সৈয়দ জহিরুল হক ও একই শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলাম, মেসার্স মিং হুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও মেসার্স সাজেদা ওহাব এন্ড সন্স এর মালিক শেখ আবু রাশেদ এবং এস.আর. এন্টারপ্রাপইজের মালিক শেখ আব্দুর রহমান।
একটি মামলার বরাত দিয়ে বাদী আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে খাদ্যপণ্য আমদানির জন্য এলসির মাধ্যমে মেসার্স সাজেদা ওহাব এন্ড সন্স ২০০৫ সালের ১৬ নভেম্বর প্রাইম ব্যাংকের খুলনা শাখা থেকে ৪১ লাখ ১৭ হাজার ৯০৮ টাকা উত্তোলন করে। একইদিন মেসার্স মিং হুয়া ট্রেড ইন্টারন্যাশনাল একইভাবে দুই কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা উত্তোলন করে।
এর বিপরীতে সিকিউরিটি মানি হিসেবে ব্যাংকে প্রতিষ্ঠান দুটির ৯৪ হাজার ২৯৫ টাকা জমা ছিল। পরবর্তীতে পণ্য আমদানি ও বিক্রয় শেষে প্রতিষ্ঠান দুটি ব্যাংকের কোনো টাকা পরিশোধ করেনি।
দ্বিতীয় মামলার বরাত দিয়ে তিনি বলেন, এসআর এন্টারপ্রাইজ ব্যাংটির একই শাখা থেকে ২০০৫ সালের ৩১ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সময়ে ভারত থেকে খাদ্যপণ্য আমদানির নামে ১০টি এলসির মাধ্যমে এক কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৮২৬ টাকা উত্তোলন করে। পণ্য আমদানি ও বিক্রি শেষে প্রতিষ্ঠানটি ব্যাংকে কোনো টাকা পরিশোধ করেনি।
দুদক কর্মকর্তা আরো বলেন, ওই দুই ব্যাংক কর্মকর্তা লাভবান হওয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠান তিনটিকে অনৈতিক সুবিধা দিয়ে ব্যাংকের টাকা আত্মসাতে সহায়তা করেন।
তিনি জানান, এই অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ২০০৬ সালে ওই দুই কর্মকর্তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে। তারা এখন পলাতক রয়েছেন।
প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ ২০০৮ সালে এই চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের অনুরোধ করে দুদককে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24