২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসচালক-সহকারীর বিরুদ্ধে ৯১টি মামলা

বাসযাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অপরাধে রোববার রাজধানীর বিভিন্ন রুটের বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে ৯১টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাসযাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অপরাধে রোববার রাজধানীর বিভিন্ন রুটের বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে ৯১টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে জরিমানা আদায় করা হয় ৩৬ হাজার একশ টাকা। আটটি বাসও আটক করা হয়। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট এসএম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্য়ন্ত ৪টি ভ্রাম্যমাণ আদালত ঢাকার বিভিন্ন রুটে এ অভিযান চালায়। এছাড়া বিআরটিএ'র পক্ষ থেকেও বিকাল পাঁচটার পর দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। তবে বাসের কোনো চালক বা সহকারীকে আটক করা হয়নি বলে ম্যাজিট্রেট জানান। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এসব বাসের মালিকদের বিরুদ্ধে কেন মামলা হয়নি জানতে চাইলে ম্যাজিট্রেট মাহবুবুর রহমান বলেন, মালিকদের তো আর ঘটনাস্থলে পাওয়া যায়নি, তাই চালক-সহকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রেল ভবনে বাস মালিকদের সঙ্গে ভাড়া সংক্রান্ত এক সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সতর্ক করে দিয়ে বলেছিলেন, বাস-মিনিবাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হলে রুট পারমিট বাতিল ও তা জব্দ করা হবে। গত ১২ মে সিএনজির দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে প্রতি ঘনমিটার ২৫ টাকা নির্ধারণ করে সরকার। ওই দিন থেকেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ইচ্ছে মাফিক বাড়িয়ে দেয় মালিকরা। এতে গণপরিবহনে ভাড়া নিয়ে সৃষ্টি হয় নৈরাজ্য। অনেক স্থানে শ্রমিকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর ১৬ মে পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠকের পর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ ও ৫০ পয়সা বৃদ্ধি করে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হলেও সরকার নির্ধারিত ভাড়া মানছে না কোনো রুটের যানবাহন। নির্ধারিত ভাড়া নিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে আবুল হোসেন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, "ভাড়া নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯৪৮ ঘ.