২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-ভোট নয়, ভোটিং মেশিন: সিইসি

সিইসি এটিএম শামসুল হুদা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হলেও একে ই-ভোট বলা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিইসি এটিএম শামসুল হুদা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হলেও একে ই-ভোট বলা যাবে না। ই-ভোট হলে নির্বাচনে যাবে না বলে বিএনপি নেতা মওদুদ আহমদের ঘোষণা দেওয়ার একদিন পর রোববার প্রধান নির্বাচন কমিশনার একথা বললেন। তিনি সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের পরিকল্পনা করছি আমরা। একে ই-ভোট বলা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ শনিবার দলের এক কর্মসূচিতে বলেন, "আওয়ামী লীগ আগামী নির্বাচনে হেরে যাবে বলেই ভোট কারচুপির নানা ষড়যন্ত্র করছে। ই-ভোটিং পদ্ধতি কারচুপির একটি মহা হাতিয়ার। এর মাধ্যমে যে কাউকে বিজয়ী কিংবা পরাজিত করা সম্ভব।" সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী সংলাপে ইভিএম পদ্ধতির বিস্তারিতভাবে তুলে ধরা হবে। "এতে কারো কোনো ধরনের সংশয়-সন্দেহ থাকলে তা কেটে যাবে", বলেন তিনি। আগামী ৭ জুন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় সংলাপে বসছে ইসি। ইভিএম ছাড়াও নিবন্ধিত দলগুলোকে রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাচনী ব্যয় দিতে জনতহবিল আইন পাস, সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ সংশোধন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরো সংশোধন নিয়ে এবার আলোচনা হবে। ওই সংলাপ শুরু হওয়ার আগে ৫ জুন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও ইসি বৈঠক করবে বলে জানান সিইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫০০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর