ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকা থেকে দুটি চিত্রা হরিণের চামড়াসহ বেশ কয়েকটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বন সংরক্ষক তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন বিভাগ ও র্যাব বৃহস্পতিবার রাত ৯টার দিকে ধানমণ্ডির ২৭ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুটি চিত্রা হরিণের চামড়া, তিনটি ইমু পাখি, একটি বালিহাঁস, দুটি সিলভার ফেজেন্ট, ছয়টি খরগোশ এবং কয়েকটি টিয়া পাখি ও কচ্ছপ উদ্ধার করা হয়।
অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচারে জড়িত থাকার অভিযোগে মাহবুবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে এক বছর এবং বিথি আক্তার (২৫) ও আহম্মদ আলী (২০) নামের দুজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট আনোয়ার পাশা।
আটক বন্যপ্রাণীগুলোকে বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে বলে তপন কুমার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/জেকে/০১১৭ ঘ.
bdnews24