দিনাজপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত চত্ত্বরে আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করায় গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকালে ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই তিনজন হচ্ছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান মিজান, কনস্টেবল আশরাফুল ও জ্যোতিষ।
এ ঘটনায় রংপুর রেঞ্জের ডিআইজি'র নির্দেশে দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফারুকুজ্জামানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল আমিন সাংবাদিকদের জানান, হাকিমপুর উপজেলার খাটিয়াচড়া গ্রামের কয়েকজন আসামি একটি মামলায় হাইকোর্ট থেকে তিন মাসের অস্থায়ী জামিন লাভ করেছিলেন।
হাইকোর্ট জামিনের আদেশে বলেছিলো, আসামিদের এই সময়ের মধ্যে দিনাজপুর প্রধান বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নিতে হবে।
এ কারণেই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে তারা বুধবার বিকেলে আদালত ভবনে আসেন ।
এক পর্যায়ে আসামিরা আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলতে আদালত ভবনের বাইরে একটি ফটকে এলে সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ তাদেরকে টানা-হেঁচড়া করতে থাকে।
তখন উপস্থিত আইনজীবীরা তাদের পরিচয় জানতে চান। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন।
তখন আইনজীবীরা তাদের পরিচয়ের প্রমাণ দেখাতে বলেন।
কিন্তু সাদা পোষাকধারী পুলিশ এসবের তোয়াক্কা না করে আসামিদের ধাক্কাধাক্কি করতে থাকে।
এ সময় সেখানে আরো কিছু আইনজীবী এসে জড়ো হন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
এক পর্যায়ে আইনজীবীরা সাদা পোষাকধারী পুলিশদের আইনজীবী সমিতি ভবনে নিয়ে আটকে রাখে।
রাত ৮টার দিকে ভারপ্রাপ্ত এসপি আইনজীবী সমিতি ভবনে গিয়ে ওই তিনজনকে বরখাস্ত করা হবে বলে আশ্বাস দিলে আইনজীবীরা তাদেরকে পুলিশের হাতে তুলে দেন।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ বৃহস্পতিবার বিকালে জানান, ওই তিন ডিবি পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৩৩ ঘ.
bdnews24