বরিশাল, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে মো. গিয়াস (২৮) নামে এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর কারাফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গিয়াস ২০০৫ সালের সিরিজ বোমা হামলার দুটি মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। উচ্চ আদালতের নির্দেশে তিনি জামিনে ছিলেন। তার বাড়ি নগরীর জিয়া সড়কের নয়াকান্দা এলাকায়।
কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, আবারো সক্রিয় হতে পারে এমন আশঙ্কায় গিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।
গিয়াস ২০০৫ সালের ১৭ আগস্ট বরিশাল নগরীর ১৪টি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় ১৩ মামলার আসামি বলে জানান ওসি।
এর মধ্যে দুই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে সে উচ্চ আদালত থেকে জামিন পায়।
গিয়াসকে কোন মামলার গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে জানান নি ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৩ ঘ.
bdnews24