২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান তছনছ হচ্ছে: ফারুক

সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের শাসনতন্ত্র তছনছ করা হচ্ছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 06:19 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের শাসনতন্ত্র তছনছ করা হচ্ছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার ছাত্রদলের এক কর্মসূচিতে তিনি বলেন, "সরকার সংবিধানকে তছনছ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার তারা বাতিল করতে চায়। অকার্যকর সংসদের মাধ্যমে এ সব করে সরকার দেশ অস্থিতিশীল করছে।" মধ্যবর্তী নির্বাচনের দাবিও জানান তিনি। ছাত্রদলের মহানগর নেতা হাবিবুর রশিদ হাবিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। এতে অংশ নিয়ে বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, "হাবিব অল্পের জন্য বেঁচে গেছেন। তাকে হত্যার জন্য যারা চেষ্টা চালিয়েছিলো, তারা পুলিশের নাগের ডগার ওপর ঘোরাফেরা করছে। কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে।" গত ৫ এপ্রিল শান্তিনগরে গুলিতে আহত হন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদলের আহ্বায়ক হাবিব। তার ওপর হামলাকারীদের গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধনের পর ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেয় ছাত্রদল। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ মহানগর নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২২০ ঘ.