২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কেউ সংলাপে না এলে কমিশন বসে থাকবে না'

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের ডাকা সংলাপে না এলে কমিশন কারো জন্য বসে থাকবে না। কমিশনকের শক্তিশালী করতে যেভাবে প্রস্তাব তৈরি করেছে, সেভাবেই সরকারের কাছে পাঠানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের ডাকা সংলাপে না এলে কমিশন কারো জন্য বসে থাকবে না। কমিশনকের শক্তিশালী করতে যেভাবে প্রস্তাব তৈরি করেছে, সেভাবেই সরকারের কাছে পাঠানো হবে। বুধবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কমিশনার নিয়োগে আইন প্রণয়ন, গণপ্রতিনিধিত্ব আদেশের অধিকতর সংশোধনসহ পাঁচটি বিষয়ে মতামত নেওয়ার জন্য আগামী ৭ জুন থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে এই সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু ওই সময়ে সংসদের বাজেট অধিবেশন থাকায় দলগুলো সংলাপে অংশ নিতে রাজি হবে কি না- এমন প্রশ্নের জবাবে এম সাখাওয়াত বলেন, "কোনো দল যদি না আসে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। কমিশনকে সামনে এগুতে আমরা যে প্রস্তাবগুলো তৈরি করেছি তা এভাবেই সরকারের কাছে পাঠানো হবে। আমরা যে বিষয়গুলো প্রস্তুত করেছি সেগুলো কমিশনকে শক্তিশালী করতে সহায়ক হবে।" সর্বশেষ গত ফেব্র"য়ারিতে ইউপি নির্বাচন অনুষ্ঠান নিয়ে কমিশন সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে সংলাপে ডাকলে এলডিপি ছাড়া কেউ-ই তাতে সাড়া দেয়নি। এম সাখাওয়াত জানান, সবাই নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বলছে। এ কারণে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কিছু সংযোজন, বিয়োজন, স্পষ্টিকরণ করতে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে সুশীল সমাজ ও গণমাধ্যমেরও মতামত নেওয়া হবে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৬টি দলের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। এবার কমিশন নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে সংলাপ করতে চায়। এসব দলের সঙ্গে সংলাপের দিন তারিখও ইতোমধ্যে ঠিক করা হয়েছে। আগামী ৭ জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় পার্টি (জেপি); ৮ জুন বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) ও কৃষক শ্রমিক জনতা লীগ; ৯ জুন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগ; ১৩ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণতন্ত্রী পার্টি; ১৪ জুন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; ১৫ জুন বিকল্পধারা বাংলাদেশ ও জাতীয় পার্টি; ১৬ জুন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ জামায়েতে ইসলামী; ২৩ জুন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও জাকের পার্টি; ২৭ জুন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি; ২৮ জুন বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ খেলাফত আন্দোলন; ২৯ জুন বাংলাদেশ মুসলিম লীগ ও ন্যাশনাল পিপলস পার্টি; ৪ জুলাই জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ ও গণফোরাম; ৫ জুলাই গণফ্রন্ট ও প্রগতিশীল গণতান্ত্রিক দল; ৬ জুলাই বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি; ৭ জুলাই ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও ইসলামিক ফ্রন্ট-বাংলাদেশ; ১১ জুলাই বাংলাদেশ কল্যাণ পার্টি ও ইসলামী ঐক্যজোট; ১২ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ; ১৩ জুলাই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং ১৮ জুলাই বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি ও খেলাফত মজলিশের সঙ্গে সংলাপ হবে। প্রতিদিন সকাল-বিকাল দুটি দলের সঙ্গে দুই ঘণ্টা করে এ সংলাপ চলবে। প্রতিটি দলের ১০ জন সদস্য এতে অংশ নিতে পারবেন। দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে ইসিতে নিবন্ধনের ক্রমানুসারে। সংলাপের আলোচ্যসূচিতে আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার, ঢাকার সংসদীয় আসন সংখ্যা কমানোসহ সীমানা নির্ধারণ আইন সংশোধনের বিষয়ও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০০৭ ঘ.

এ সম্পর্কিত আরো খবর