২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাজার ধসে জড়িত থাকলে প্রমাণ করুন'

শেয়ারবাজারে ধসে তিনি জড়িত থাকলে তা প্রমাণ করতে বলেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ধস তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বুধবার তিনি বলেন, "এর আগেও আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। আমি তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানাই। আপনারা এটি পড়ে দেখুন। আমি জড়িত থাকলে তা প্রমাণ করুন।"

কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুস্তফা কামাল।

গত ডিসেম্বর-জানুয়ারিতে শেয়ারবাজারে ধস তদন্তে পাঁচ সদস্যের কমিটি করে সরকার। কমিটি গত ৭ এপ্রিল তার প্রতিবেদন দেয়। গত ৩০ এপ্রিল ওই প্রতিবেদন প্রকাশ করে সরকার।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০০৯ ও ১০ সালে 'সিএমসি কামালের' শেয়ারের বাজারদর অতি মূল্যায়িত ছিলো। প্রতিবেদনে এর কিছু কারণও উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠানটির মালিক আহম মুস্তফা কামাল।

অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, রাজনীতি করলে কিছুটা মূল্য তো দিতে হয়।

বুধবারের বৈঠকে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংসদ সদস্য মোহাম্মদ আলী, একেএম মাইদুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজি, অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংকিং সচিব শফিকুর রহমান পাটোয়ারী, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান মো. খায়রুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।