হবিগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যায় বিএনপি জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রধান মুফতি হান্নানসহ ১৪ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
মামলার অধিকতর তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বুধবার বিকেলে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দিতে গেলেও হাকিম না থাকায় তা জমা হয়নি বলে জানিয়েছেন কোর্ট ইনস্পেক্টর আব্দুল বাসেদ।
তিনি জানান, প্রতিবেদনটি পরে আদালতে জমা দেওয়া হবে।
তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্পূরক অভিযোগপত্রে তিনি মোট ২৪ জনের নাম উল্লেখ করছেন। এর মধ্যে বাবর ও মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
২১ অগাস্টের গ্রেনেড হামলা ও চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের মামলার অধিকতর তদন্তেও বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নাম এসেছে।
মামলার পুরনো অভিযোগপত্রভুক্ত ১০ আসামির নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে ওই ১০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় তাদের নামও অভিযোগপত্রে উল্লেখ করা হচ্ছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ ৫ জন নিহত হন। ওই ঘটনায় তখনকার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খান হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
২০০৫ সালের ১০ মার্চ দশ জনকে আসামি করে অভিযোগপত্র দেন সিআইডির তখনকার সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান।
বাদীর আবেদনে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হাইকোর্ট মামলাটিতে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেকে/এমআই/১৭৪৯ ঘ.
bdnews24