ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগ এলাকায় বাসের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছে।
তার নাম আবদুল গাফফার সাগর (১৭)। এসএসসি উত্তীর্ণ সাগর মঙ্গলবার মধ্যরাতে হাজারীবাগ বেড়িবাঁধে দুর্ঘটনায় প্রাণ হারায় বলে পুলিশ জানিয়েছে।
হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে সাগর মটর সাইকেলে চড়ে কামরাঙ্গীরচর মুন্সীর হাটির বাসায় ফেরার সময় পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়।
সাগরকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী সাগরের এক সঙ্গীও আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
বাসচালককে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
কামরাঙ্গীচর আশ্রফাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এবার জিপিএ- ৪ দশমিক ১৯ পেয়ে এসএসসি পাস করেন সাগর। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এমআই/১১১১ ঘ.
bdnews24