নওগাঁ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে বিদ্যুতের একটি খুঁটি ভেঙে যাওয়ায় নওগাঁর রাণীনগর উপজেলার তিনটি গ্রামে তিনদিন ধরে বিদ্যুৎ সরবরাহ নেই।
এগুলো হলো বোদলা,পালশা ও তেবাড়ীয়া।
বোদলা গ্রামের সাইদুর রহমান মুহুরী, শামছুল হক বাবলু জানান, শনিবার রাতে ঝড়ের সময় গ্রামের উপেন্দ্র নাথের পুকুর পাড়ের বিদ্যুৎ খুঁটিটি ভেঙে গেলে বোদলা, তেবাড়ীয়া ও পালশা গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ সরবরাহ স্বভাবিক করতে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি।
রাণীনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শহীদুল্লাহ জানান, বিদ্যুতের এই সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানোর পরও তারা কোনো পদক্ষেপ কেন নেয়নি বোঝা যাচ্ছে না।
এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নূরুর রহমান জানিয়েছেন, খুঁটির জন্য ওই তিন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24