মানিকগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি পরিবারের সাত সদস্যকে অচেতন করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালিয়েছে এক কৃষি শ্রমিক।
সোমবার রাতে উপজেলার গর্জনা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সাত সদস্য হলেন- গৃহকর্তা মোস্তফা কামালের মা রেজিয়া বেগম (৭০), স্ত্রী মর্জিনা বেগম (২৫) দুই যমজ মেয়ে সিমা ও রিমা (৮), মোস্তফার ভাই সুলতান হোসেন (৩৫), ভাইয়ের ছেলে রাশেদুল (৯) ও ভাইয়ের স্ত্রী নাসিমা বেগম (২২)।
মোস্তফা কামালের ভাই লুৎফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধান কাটার জন্য তার ভাই সুলতান হোসেন রোববার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রেজাউল হোসেন নামের এক শ্রমিককে বাড়িতে আনেন।
সোমবার রাতে সুলতান সাটুরিয়া দ্বিমুখা বাজার থেকে জুস কিনে ওই শ্রমিককে দিয়ে বাড়িতে পাঠান। রাত ৯টার দিকে সুলতান বাড়ি ফিরে পরিবারের সবাইকে নিয়ে ওই জুস খান।
মঙ্গলবার সকালে এক প্রতিবেশী ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলা, আলমারি ভাঙ্গা এবং পরিবারের সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাদেরকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
লুৎফর জানান, আলমারি ভেঙে নগদ ৬০ হাজার টাকা, ১৪ ভরি স্বর্ণালঙ্কার এবং চারটি মোবাইল টেলিফোন সেট নিয়ে রেজাউল পালিয়ে গেছে। তার বাড়ি কুষ্টিয়ায়।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পৃত্তিশ কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের দিকে ৭ জনেরই জ্ঞান ফিরেছে। তারা শঙ্কামুক্ত।
সাটুরিয়া থানার ওসি রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি শুনেছি তবে কেউ লিখিত অভিযোগ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৫৪ ঘ.
bdnews24