২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা আত্মসাতের অভিযোগে ২ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি বেসরকারি ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি বেসরকারি ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হচ্ছেন ইস্টার্ন ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখার জনসংযোগ কর্মকর্তা মো. মঈনুল হাসান এবং এনসিসি ব্যাংক চট্রগ্রামের আগ্রাবাদ শাখার সিনিয়র অফিসার আবুল হাসনাত মাহমুদ (বিশু)। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্টার্ন ব্যাংকের অভিযোগের ভিত্তিতে গত ৬ এপ্রিল তদন্ত শুরু করে র‌্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা। তদন্তে ওই ব্যাংকে ফরিদা পারভিন নামে এক নারীর হিসাব নম্বরে অস্বাভাবিক লেনদেন দেখা যায়। পরে দেখা যায়, ফরিদা পারভিনের হিসাবে ভিন্ন পাঁচটি হিসাব নম্বর থেকে ২৭টি পে অর্ডারের মাধ্যমে ৬৫ লাখ ৫৫ হাজার টাকা জমা হয় এবং ওই মহিলা একাধিক চেকের মাধ্যমে তা তুলে নেন। এ ঘটনার সঙ্গে ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার কয়েকজন কর্মকর্তা জড়িত বলে সন্দেহ করা হয়। তাদের মধ্যে মো. মঈনুল হাসানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বিশুকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঈনুল বলেছেন, বিশুর পরামর্শে এ কাজ করা হয়েছে। মঈনুল সোমবার র‌্যাব সদরদপ্তরে সাংবাদিকদের বলেন, টাকা তোলার পর তিনজন ভাগ করে নেওয়া হতো। ব্যাংকের কিছু নিয়মের ফাঁক ফোঁকরে এই সুযোগটি নেওয়া হয়েছে। প্রায় ২৫ লাখ টাকা ভাগে পেয়েছেন বলে জানান তিনি। র‌্যাব কর্মকর্তারা বলেন, ফরিদা পারভিনকে খোঁজা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/পিডি/২০৫৭ ঘ.