২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মধ্যবর্তী নির্বাচনের দাবি হাস্যকর আবদার'

সংসদে যোগ দেওয়ার শর্ত হিসেবে বিএনপি মধ্যবর্তী নির্বাচনের যে দাবি তুলেছে- তাকে 'হাস্যকর আবদার ও সংসদীয় শিষ্টাচারবহির্ভূত' বলে মন্তব্য করেছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 08:49 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে যোগ দেওয়ার শর্ত হিসেবে বিএনপি মধ্যবর্তী নির্বাচনের যে দাবি তুলেছে- তাকে 'হাস্যকর আবদার ও সংসদীয় শিষ্টাচারবহির্ভূত' বলে মন্তব্য করেছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। চলতি বাজেট অধিবেশন নিয়ে বিরোধী দল 'ধূম্রজাল' সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলকে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা বলেন, সংসদে আসতে একই দিনে বিএনপির তিন নেতা তিন ধরনের শর্তের কথা বলেছেন। "প্রথমে সংসদের প্রথম সারিতে ছয়টি আসন দিয়ে শুরু করে বিএনপির দাবি এখন মধ্যবর্তী নির্বাচনে গিয়ে ঠেকেছে।" বিএনপির উদ্দেশে সুরঞ্জিত বলেন, "মধ্যবর্তী নির্বাচন নয়, জনগণের ম্যান্ডেট অনুযায়ী পাঁচ বছর পর নির্ধারিত সময়েই নির্বাচন হবে। জনগণ ওই নির্বাচনে আবারও তাদের মতামত প্রকাশ করবে ব্যালটের মাধ্যমে। সে পর্যন্ত অপেক্ষা করুন।" প্রধান বিরোধী দল বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করে এই সাংসদ বলেন, "সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দিলে তো সংসদই থাকে না। বিএনপি তখন কোথায় যোগ দেবে? এটুকু সংসদীয় রীতিনীতি তো তাদের জানা থাকার কথা।" তিনি বলেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী অধিবেশন ডাকেন। আর সেই অধিবেশন কী হবে, কোন কোন কার্যাদি সম্পাদন করা হবে তা স্পিকারের নেতৃত্বে কার্যোপদেষ্টা কমিটি ঠিক করে। যেহেতু সামনে জুন মাস, তাই এবার বাজেট পেশ করতে হবে। সে অনুযায়ী এটি বাজেট অধিবেশন। "এটা নিয়ে বিরোধী দলের ধুম্রজাল সৃষ্টির কোনো সুযোগ নেই।" বিরোধী দলের নেতাদের উদ্দেশে সুরঞ্জিত বলেন, "সংসদকে অকার্যকর করা, গণতন্ত্রের বিরোধিতা করা- আর সরকারের বিরোধিতা করা এক কথা নয়। তাই সংসদে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বাজেট নিয়ে আলোচনায় অংশ নিন, দেশে সাংবিধানিক ধারা বজায় রাখুন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০২৪৭ ঘ.