২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনগত সহায়তা (সংশোধন) বিল সংসদে উত্থাপন

আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০১১ সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০১১ সংসদে উত্থাপন করা হয়েছে। রোববার আইন মন্ত্রী শফিক আহমেদ এ বিল উপস্থাপন করেন। ২০০০ সালে প্রণীত আইনগত সহায়তা প্রদান আইনটি অধিকতর সংশোধনের জন্য এ বিল উপস্থাপন করেন তিনি। তিন সপ্তাহ সময় দিয়ে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠান স্পিকার আবদুল হামিদ। বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা দেওয়ার জন্য আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়ন করা হয়। সরকারি রাজস্ব তহবিল থেকে অর্থ ব্যয়ে পরিচালিত আইনগত সহায়তা প্রদান কার্যক্রম আরো নিবিড় ও সুসংহত করার লক্ষ্যে এ আইনের কিছু ধারার সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং জেলা কমিটি আইনগত সহায়তা প্রদানে আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০৯ ঘ.