২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি: পঞ্চগড়ে পাথর বেচাকেনা বন্ধ

পঞ্চগড়ে ব্যবসায়ীরা চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে পাথর ও বালু ক্রয় বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

পঞ্চগড়, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পঞ্চগড়ে ব্যবসায়ীরা চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে পাথর ও বালু ক্রয় বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। জেলা পাথর ও বালু ব্যবসায়ী ও সরবরাহকারী যৌথ ফেডারেশনের ডাকে শুক্রবার এ কর্মসূচি শুরু হয়েছে। এদিকে পাথর ও বালু বেচাকেনা বন্ধ থাকায় নির্মান কর্মকাণ্ড স্থবির এবং শ্রমিকদের বেকার হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ২০০৮ সালের ২৬ জুলাই জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাথে প্রতি ঘনফুট (সিএফটি) পাথর ট্রাকে তোলার জন্য স্থানীয় মালিকদের ট্রাকে এক টাকা ও বাইরের মালিকদের ট্রাকে এক টাকা ত্রিশ পয়সার চুক্তি হয়। কিন্তু শ্রমিকরা এ চুক্তি ভঙ্গ করে উভয় ট্রাকেই এক টাকা ত্রিশ পয়সা করে আদায় করছে। এরপরও বকশিশের নামে স্থানীয় মালিকদের ট্রাক থেকে ২ শ' টাকা ও বাইরের মালিকদের ট্রাক থেকে ৪/৫ শ' টাকা চাঁদা আদায় করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, স্থানীয় প্রশাসন বাৎসরিক ইজারার পরিবর্তে পাথর মহালগুলো মাসিক ইজারা দিচ্ছে। এর ফলে পাথর বালু ব্যবসায়ী ও সরবরাহকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ ব্যাপারে পাথর ও বালু ব্যবসায়ী ও সরবরাহকারী সমিতির সভাপতি আমানুল্লাহ বাচ্চু বলেন, প্রায় এক মাস আগে সমঝোতা বৈঠকে শ্রমিক নেতারা চুক্তি অনুযায়ী সবকিছু মানতে সম্মত হয়েছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তারা চুক্তি ভঙ্গ করে বকশিশের নামে চাঁদাবাজি করছেন ও ট্রাকে বালু পাথর তোলার ক্ষেত্রে পারিশ্রমিক বেশি নিচ্ছেন। এ জন্য অনির্দিষ্টকালের জন্য পাথর ও বালু ক্রয় বিক্রয় বন্ধ রাখা হয়েছে। জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেনু মিঞা ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রশাসন খুজে বের করুক কারা চাঁদাবাজি করছে। এদিকে পাথর কেনা বেচা বন্ধের ঘোষণায় স্থানীয় প্রায় ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়ার আশঙ্কা করছেন। পাথর শ্রমিক খয়রুল (৩৫) বলেন, কেনা বেচা বন্ধ থাকলে পাথর তোলাও বন্ধ হয়ে যাবে। আমাদের কোন কাজ বা রোজগার থাকবে না। তাহলে আমরা খাব কী ? নির্মাণ ঠিকাদার শহিদুল ইসলাম বলেন, পাথর কেনা বেচা বন্ধের কর্মসূচি অব্যাহত থাকলে স্থানীয় উন্নয়ন কাজ ব্যহত হবে। কারণ, স্থানীয় উন্নয়নকাজ স্থানীয়ভাবে সংগৃহীত পাথরের ওপরই নির্ভর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫৯ ঘ.