নোয়াখালী, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। আহত হন একজন।
এ সময় বিক্ষুব্ধ জনতা একটি মাইক্রোবাস ভাঙচুরও করে বলে পুলিশ জানিয়েছে।
মুছাপুর ইউনিয়নের থানারহাটে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুছাপুরের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে জসিম উদ্দিন ওরফে খোলা জসিম (৩০) এবং অজ্ঞাত পরিচয় একজন (৩৫)। আহত হন তাদের বহনকারী মাইক্রোবাসের চালক সেনবাগ উপজেলার মো. ইলিয়াস। তাকে থানায় নেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মঞ্জুরুল হক জানান, রাত ৯টার দিকে একটি মাইক্রোবাস দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে গিয়ে পাঁচ ব্যক্তিকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল।
ওই সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা মাইক্রোবাসটির পিছু নেয় এবং ফোনে এলাকায় ডাকাত আসার কথা ছড়িয়ে দেয়।
পরে থানার হাট এলাকায় সড়কে অবরোধ দিয়ে মাইক্রোবাসটি আটক করে জনতা পিটুনি দিলে ঘটনাস্থলেই দু'জন মারা যায়।
ওসি আরো জানান, নিহত জসিমের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে। অন্যজনের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। মাইক্রোবাস চালক ইলিয়াসকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৮ ঘ.
bdnews24