মনির হোসেন কামাল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বরগুনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সকল আয়োজন সম্পন্ন করে এনেছেন। উপকূলীয় জেলে পাড়ায় এখন সাজ সাজ রব। প্রস্তুত জাল, প্রস্তুত জেলারা। এসেছে ইলিশ মৌসুম।
ছেলে দেড়-দুুই মাসের জন্য 'দরিয়ায়' যাবে তার জন্য মায়ের মানত আর দোয়া চলছে। বসে নেই স্ত্রীও। 'দরিয়া' থেকে স্বামী ভালোভাবে ফিরে আসুক-এই কামনায় ফুল-দুর্বা-ধান দিচ্ছেন দেবীর পায়ে।
ইলিশের মৌসুম শুরু হয়ে গেছে। জৈষ্ঠ্যের প্রথম দিন থেকেই জেলেরা নামতে শুরু করেছেন সমুদ্রে। তবে বেশিরভাগ জেলে এখনো অপেক্ষা করছেন 'দরিয়ার হাবভাব' বোঝার জন্য। শেষ বৈশাখে সমুদ্র আরো উত্তাল হয়ে উঠেছে। তার রুদ্রমূর্তি যেন চোখ রাঙাচ্ছে জেলেদের।
কিন্তু জেলেরা? তাদের তো যেতেই হবে। নাহলে সারা বছরের 'খোরাকি' আসবে কোত্থেকে? তবে জেলেদের কাছে সমুদ্রের রুদ্রমূর্তির চেয়ে বেশি আতঙ্ক এখন জলদস্যু।
ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যে মৌসুমের চাঁদা বাড়িয়েছে সুন্দরবনের দুই জলদস্যু বাহিনী। যথাসময়ে টাকা না দিলে গভীর সমুদ্রে হামলার শিকার হবে অসহায় জেলেরা। বাঁচানোর মতো কেউ তখন থাকে না সেখানে। উত্তাল সমুদ্র কিংবা পাহাড় সমান ঢেউয়ের সঙ্গে লড়তে পারি আমরা। কিন্তু জলদস্যুদের অস্ত্রের সামনে কিছুই করার থাকে না।"
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মে মাসের প্রথম সপ্তাহে পাথরঘাটায় এসে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্র"তি দিয়েছেন। তার আশ্বাসে জেলেরা উৎসাহ নিয়ে সাগরে যাচ্ছেন বলে জানান আব্দুল মান্নান।
সমুদ্রের রুদ্রমূর্তি আর জলদস্যুদের মোকাবেলা করেই জেলেদের নৌকায় তুলতে হবে ইলিশ।
পাথরঘাটায় বলেশ্বর নদীতীরের পদ্মা স্লুইস গেট এলাকায় বাস করেন আবদুল মন্নান (৬০)। তার জীবনের ৩৫ বছর কেটে গেছে দরিয়ায়।
গত রোববার গিয়ে দেখা যায়, মন্নান তার জাল শুকাতে দিয়ে ছেঁড়া জায়গাগুলো সংস্কার করছেন। তিনি বলেন, "চৈত্রের শেষ থেকেই শুরু হয়েছে ইলিশের মৌসুম। ভাদ্র পর্যন্ত মাছ পড়বে জালে। ইতোমধ্যে শুরু হয়েছে কালবৈশাখী। আর ক'দিন বাদেই সাগরে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
মন্নান জানান, প্রতি বছরই ৫/৭ দিন করে পিছোচ্ছে ইলিশের মৌসুম।
বরগুনা জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা মীর সাব্বির আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলিশের মৌসুম পেছানোর বিষয়টি তাদের দৃষ্টিতেও ধরা পরেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা হতে পারে বলে তিনি মনে করছেন।
পাথরঘাটা মৎস্য বন্দরের ব্যবসায়ী খলিলুর রহমান শাহীন জানান, কয়েকদিন ধরেই সমুদ্র বিক্ষুদ্ধ। তবু কিছু জেলে রীতি অনুযায়ী জৈষ্ঠ্যের প্রথম দিনেই নেমে গেছেন সাগরে।
বালিয়াতলী এলাকার মৎস্য ব্যবসায়ী ফিরোজ কাজী বলেন, "সারা বছরই সাগরে মাছ ধরে জেলেরা। তবে ইলিশ মৌসুমের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। শতকোটি টাকার বিনিয়োগ হয় এই একটি মৌসুমে। বিনিময়ে জোটে সারা বছরের খোড়াকি।"
উপকূলীয় জেলেরা সাধারণত এক-দেড় সপ্তাহ এমনকি দেড়-দুু'মাসের জন্যও সাগরে চলে যায়। এসময় পরিবার থেকে তারা একেবারেই বিচ্ছিন্ন থাকেন। ফলে পরিবারের জন্য বেশ কিছুদিনের খোরাকি রেখে যেতে হয়।
গত কয়েক বছর বরগুনার জেলেরা ভালো মাছ পায়নি। ফলে সময়টা তাদের খারাপ গেছে। দেনায় ভরা তাদের জীবন। তারপরও বরগুনার গর্জনবুনিয়া এবং নিদ্রাসকিনা এলাকায় এবার অনেকই মহাজনের কাছ থেকে টাকা নিয়ে নতুন ঘর তুলেছেন। মেরামত করেছেন জাল এবং ট্রলার। কেউ কেউ পরিবারের জন্য এক-দু মাসের বাজার করেছেন।
ইলিশের মৌসুম ঘিরে উৎসাহ শুধু জেলে পল্লীতেই নয়। ব্যস্ততা দেখা গেছে মৎস্য ব্যবসায়ী, আড়তদার, বরফকল মালিক এমনকি বন্দরের সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও।
লোডশেডিংয়ের কারণে যাতে উৎপাদন ব্যাহত না হয় সেজন্য ইতোমধ্যে বরগুনা এবং পটুয়াখালীর বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়েছে বরফকল মালিক সমিতি।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা বছরই সাগরে মাছ ধরে জেলেরা। এ নিয়ে আলাদা কোনো উৎসব হয় না। কিন্তু ইলিশের মৌসুমের বিষয়টি সম্পূর্ণ আলাদা। তা ছাড়া মৌসুম শুরুর আগে টানা ৭ মাস বন্ধ থাকে জাটকা শিকার। সব মিলিয়ে তাই চলে অন্যরকম প্রস্তুতি।"
তিনি জানান, চলতি মৌসুমে নতুন করে নির্মিত হচ্ছে একশ'র বেশি ট্রলার। সিডর আইলায় বহু ট্রলার হারিয়েছে এ অঞ্চলের মানুষ। অর্থ সহায়তা ও ঋণ সুবিধার প্রতিশ্র"তি দিলেও তা রক্ষা করেনি সরকার। চড়া সুদে ঋণ নিয়ে ট্রলার বানাচ্ছে জেলেরা। ট্রলার প্রতি আকারভেদে খরচ হচ্ছে ১৮ থেকে ৩০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩০৪ ঘ.
bdnews24