ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড মামলার তদন্ত কমকর্তাকে (আইও) হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য শেখ রইসুল আলম ময়না বৃহস্পতিবার বিকাল ৪টায় এই জিডি করেন বলে পল্টন থানার ওসি মোহাম্মদ শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই হামলায় ময়নাও আহত হন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ মে এক অনুষ্ঠানে অভিযোগ করেন, সরকার ১০ ট্রাক অস্ত্র ও ২১ অগাস্টের গ্রেনেড মামলায় তারেক রহমানকে জড়ানোর 'চক্রান্ত' করছে।
বিএনপি আবার ক্ষমতায় গেলে এ দুটি মামলার তদন্ত কর্মকর্তা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক শফিকুল্লাহ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
ময়না তার জিডিতে বলেছেন, এ ধরনের হমকির কারণে ন্যায়বিচার ব্যাহত হতে পারে।
ওসি মোহাম্মদ শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০০৫৭ ঘ.
bdnews24