২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসচাপায় ২ জনের মৃত্যু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

কক্সবাজার, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খুদাইবাড়ি এলাকায় বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার উত্তর লক্ষ্যার চর এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে মোহাম্মদ ওসমান গণি (২৩) এবং চকোরিয়া পৌর এলাকার ঘনশাহ বাজারের আবদুল মোনাফের ছেলে মোহাম্মদ রুবেল (২২)। উপজেলার ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসাইন খান জানান, মটর সাইকেলে ওসমান ও রুবেল কক্সবাজার থেকে চকোরিয়া যাচ্ছিলেন। খুদাইবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যামলিমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পেছন থেকে একটি মাইক্রোবাস মটর সাইকেলটিকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়েন ওসমান ও রুবেল। এসআই জানান, মটর সাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৮৫২ ঘ.