২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাঁধ মেরামতে দেরির জন্য প্রকৃতিকে দায়ী করলেন মন্ত্রী

পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, জোয়ার-ভাটা এবং বৃষ্টির কারণে আইলা বিধ্বস্ত বেড়িবাঁধ সময়মতো মেরামত করা সম্ভব হয়নি। এর সঙ্গে মাটির গঠনও বাঁধ মেরামতের উপযুক্ত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

খুলনা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, জোয়ার-ভাটা এবং বৃষ্টির কারণে আইলা বিধ্বস্ত বেড়িবাঁধ সময়মতো মেরামত করা সম্ভব হয়নি। এর সঙ্গে মাটির গঠনও বাঁধ মেরামতের উপযুক্ত নয়। বৃহস্পতিবার খুলনায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল দপ্তর উদ্বোধনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। ২০০৯ সালে ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় দেশের উপকূলীয় আট জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খুলনা ও সাতক্ষীরার ৭১১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে চার উপজেলার ১৩টি ইউনিয়ন লোনা পানিতে তলিয়ে যায়। পুনর্বাসন কাজে দুর্নীতির অভিযোগ উঠলে তা খতিয়ে দেখতে গত ৩ এপ্রিল সংসদীয় স্থায়ী কমিটি একটি উপকমিটিও করে। পানিসম্পদমন্ত্রী বলেনন, ঘূর্ণিঝড় আইলা বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামত শেষ হলে পরে যেন ক্ষয়ক্ষতি কম হয় সে জন্য গাছ লাগানো হবে। সভায় জানানো হয়, খুলনা পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে বৃহত্তর খুলনা ও যশোর জেলায় বর্তমানে ৩১৫ কোটি টাকার আইলায় ক্ষয়ক্ষতি মেরামত ও পূনর্বাসন প্রকল্প, খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্নাল-সলিমপুর-কোলাবাসুখালী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন পুনর্বাসন প্রকল্প, নড়াইল জেলার নবগঙ্গা নদীর ভাঙ্গন হতে মহাজন বাজার সংরক্ষণ প্রকল্প, ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের কাজ চলছে। দপ্তর উদ্বোধন করে মন্ত্রী বলেন, প্রধান প্রকৌশলীর (দক্ষিণ-পশ্চিমাঞ্চল) দপ্তর খুলনায় স্থাপনের ফলে এ অঞ্চলের বেড়িবাঁধের তদারকি বাড়বে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান,খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রধান প্রকৌশলী মো. আব্দুল মান্নান, পানিসম্পদ সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামানও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.