২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিহারে ভারতীয় নাগরিক আহতাবস্থায় উদ্ধার

রাজশাহীর মতিহার থানার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

রাজশাহী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মতিহার থানার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে খানপুর এলাকার একটি মাঠ থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পরে বিকাল ৩টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ ও বিজিবি জানিয়েছে। আহত রঞ্জিত মণ্ডল (২০) ভারতীয় গরু ব্যবসায়ী। তার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার কাতলামারী ভানু সরকার পাড়ায়। তার ভারতীয় ভোটার আইডি নং- আরভিডি-১২২৪৬৬৬। আহত রঞ্জিত রামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, বুধবার ভোর রাতে খানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় টহলরত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে আটক করে। এসময় নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার পরও বিএসএফ সদস্যরা তাকে রাইফেলের বাট ও লাঠি দিয়ে পিটিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন রঞ্জিত। রঞ্জিতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিনের কর্মকর্তা লেফটেন্যান্ট গাজী মো. খালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে খানপুর এলাকার একটি মাঠে এলাকাবাসী রঞ্জিতকে পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি সদস্যরা সকালেই রঞ্জিতকে উদ্ধার করে। পরে মতিহার থানার মাধ্যমে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান খালিদ। মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় বিজিবি'র পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১০৮ ঘ.