কুড়িগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারকে একটি আধাপাকা দোকান বরাদ্দ দিয়েছে সরকার।
বুধবার জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারের ওই দোকানটির চাবি ফেলানীর বাবা নূরুল ইসলামের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান ও কুড়িগ্রাম ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার।
এর আগে গত ফেব্র"য়ারি মাসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ৩ লাখ টাকা অনুদান দেওয়া হয়।
কর্নেল রাজ্জাক সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসনের দেওয়া জমিতে বিজিবির অর্থে দোকানটি নির্মাণ করা হয়েছে। এতে বিজিবির খরচ পড়েছে ৫০ হাজার টাকা।
চলতি বছরের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। বাবার সঙ্গে ফেলানী ভারত থেকে দেশে ফিরছিলো।
দোকান পেয়ে নূরুল ইসলাম বলেন, "অভাবের তাড়নায় ভারতে গিয়েছিলাম। মেয়ে ফেলানীকে হারিয়ে চরম শিক্ষা হয়েছে। সরকারের দেওয়া এই দোকান চালিয়ে স্ত্রী ও পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে সুখি হতে চাই।"
চাবি হস্তান্তরের সময় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এএল/১৫৪২ ঘ.
bdnews24