ঢাকা, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের নিকলি, গাজীপুরের কাপাসিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। নিকলিতে দুজন, কাপাসিয়া ও সরাইলে এক জন করে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধিদের পাঠানো খবর-
কিশোরগঞ্জ : বুধবার দুপুরে নিকলি উপজেলার কাঠালকান্দি ও পূর্বপাড়া বরাটিয়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- কাঠালকান্দি গ্রামের কৃষক লোকমান (১৭) এবং পূর্বপাড়া বরাটিয়া গ্রামের তানজিন।
নিকলী থানার ওসি এ কে এম মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে উপজেলার কাঠালকান্দি গ্রামের কৃষক লোকমান মাঠে কাজ করছিলো। এসময় বজ্রপাত হলে লোকমান ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, এর কিছুক্ষণ পরেই মলার বিলে মাছ ধরার সময় পূর্বপাড়া বরাটিয়া গ্রামের তানজিন (১৮) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
গত রোববারও নিকলীতে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় ৬ জন নিহত ও ৪ জন আহত হয়।
গাজীপুর : কাপাসিয়ায় বজ্রপাতে মোস্তফা মিয়া (৩০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন।
বুধবার সকালে উপজেলার বারিষাবহ ইউনিয়নের ছেলদিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
বারিষাবহ ইউপি সদস্য ও নিহতের ফুপাতো ভাই মো. বজলুর রহমান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির সময় মোস্তফাসহ আরো ২ কৃষি শ্রমিক ধান ক্ষেতে কাজ করছিলো।
এসময় বজ্রপাত হলে মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। পাশে থাকা ২ জন আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- কৃষি শ্রমিক দুলাল (৪৫) ও অব্দুর রশিদ (৬৫)।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলায় দুটি বজ্রপাতের ঘটনায় এক জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে চুন্টা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
নিহত মো. আব্দুল কাদিরের বাড়ি উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াই গ্রামে।
প্রত্যক্ষদর্শী মো. মাসুদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চুন্টা বড়াই গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কাদির ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে একই ইউনিয়নের লোপাড়া গ্রামে ক্ষেতের ধান কাটার সময় বজ্রপাতের ঘটনায় ১০ কৃষি শ্রমিক আহত হয়।
আহতদের মধ্যে মহসিন মিয়া (২০), ইকবাল (২৮), জসিম মিয়াকে (২২) গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের সকলের বাড়ি চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুর গ্রামে।
সরাইল উপজেলা নিবাহী কর্মকর্তা হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24